মাকে সাথে নিয়ে অভিযোগ : নানা বাঁধার কারণে প্রচারণা চালাতে পারছেন না মামুন

মাকে সাথে নিয়ে অভিযোগ : নানা বাঁধার কারণে প্রচারণা চালাতে পারছেন না মামুন
আলীনগর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের বক্তব্যে দু’পক্ষ মুখোমুখি

Published: 19 December 2021

বিশেষ সংবাদদাতা :

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মামুনুর রশীদ মামুন এবং নৌকার প্রার্থী সমর্থকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। রোববার থেকে এ নিয়ে ইউনিয়নজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। স্থানীয় একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্ধন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন এর পিতাকে নিয়ে এবং ওই চেয়ারম্যানকে নিয়ে মন্তব্য করার এক পর্যায়ে চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ‘কুলাঙ্গার’ বলে গালি দেন। সংশ্লিষ্ট সূত্র দাবী করেছে, আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশুর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এদিকে, উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর মামুনুর রশীদ মামুন এর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন তাঁর মাকে নিয়ে নির্বাচনী কার্যালয়ে হাজির হন। এ সময় তিনি সাংবাদিকদের সামনে তার বক্তব্য তুলে ধরেন। মামুন বলেন, তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক আওয়ামীলীগ নেতা এবং আলী নগর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তার পিতা খুন হন। যার বিচার তিনি আজও পাননি। চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাকে জনগণ দুই দুই বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমিও আমার সাধ্য মতো ন্যায় নীতির মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমান নির্বাচনেও আমাকে জনগণ তাদের প্রতিনিধি কাজ করছে। আমার বিজয় নিশ্চিত দেখে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইর্ষান্বিত হয়ে আমার বিজয় ছিনিয়ে নিতে উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। হয়রানী করা হচ্ছে তাঁর ভোটার ও সমর্থকদের। মামুনুর রশীদ মামুন বলেন, বিরোধীরা তার পিতার ন্যায় তাকেও হত্যার হুমকী দিচ্ছে। তিনি বলেন, জনগণের কাজ করতে গিয়ে প্রয়োজনে প্রাণ দিতে তিনি প্রস্তুুত রয়েছেন। মামুনুর রশীদ মামুন জনগণের কাছে তাকে ও তাঁর পরিবার নিয়ে মন্তব্য করার বিচার চেয়ে ব্যালটের মাধ্যমে এবারও তাকে নির্বাচিত করার দাবী জানান। এদিকে, এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।