সিলেট চেম্বারের দায়িত্ব হস্তান্তরে স্থগিতাদেশ

Published: 22 December 2021

সিলেট অফিস :


সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডিয়ামের কাছে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন উচ্চ আদালত। বুধবার চেম্বারের নবনির্বাচিত পরিচালক আব্দুর রহমান জামিলের রিট আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৫ দিনের জন্য বানিজ্য মন্ত্রনালয়ের ট্রেড অর্গানাইজেশন পরিচালককে সিলেট চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচনের জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২০ ডিসেম্বর সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান জামিল বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বরাবর আবেদনের পাশাপাশি হাইকোর্টে রিট করেন। বুধবার আব্দুর রহমান জামিলের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস রিট আবেদনের শুনানি করেন। অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস বলেন, সিলেট চেম্বারের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরসহ নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান জামিলের রিট আবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক, এফবিসিসিআইয়ের সালিশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, বোর্ডের সদস্য অ্যাডভোকেট মিসবাউর রহমান, মো. সিরাজুল ইসলাম শামীম ও সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি এটিএম শোয়েবকে বিবাদী করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর চেম্বারের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে।

গত ১১ ডিসেম্বর সিলেট চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক ১১ জন করে পরিচালক নির্বাচিত হন। গত ১৩ ডিসেম্বর পরিচালকদের মধ্য থেকে প্রেসিডিয়াম নির্বাচনে দুইপক্ষের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। প্রেসিডিয়াম নির্বাচনে ব্যবসায়ী পরিষদের আব্দুর রহমান জামিল সভাপতি প্রার্থী হলেও চেম্বারের নির্বাচনী বোর্ড আইনের ব্যত্যয় হওয়ার কথা বলে মনোনয়নপত্র বাতিল করেন। ফলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সিলেট চেম্বারে নজিরবিহীনভাবে প্রেসিডিয়াম নির্বাচনে জটিলতার পরিপ্রেক্ষিতে চেম্বার ভবনের বাইরে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। ১৮ ডিসেম্বর চেম্বারের আপিল বোর্ডও আব্দুর রহমান জামিলের আবেদন খারিজ করেন। প্রেসিডিয়াম নির্বাচনে সভাপতি তাহমিন আহমদ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ-সভাপতি মো. আতিক হোসেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। সিলেট চেম্বারের আইন অনুযায়ী, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডিয়াম নির্বাচিত হন।