বড়লেখায় বিএনপি ও যুবদলের ২৬ নেতাকর্মীর নামে পুলিশের মামলা
বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলুকে প্রধান আসামি করে বিএনপি ও যুবদল ২৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে থানার এএসআই আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের উত্তর চৌমুহনী এলাকায় যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটির আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ইকবাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতি নেয়। অপরদিকে যুবদলের পদবঞ্চিত আব্দুল কাদির পলাশ তার দলবল নিয়ে মিছিল প্রতিহত করতে শহরে অবস্থান নেন। এই খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে তারা অসদাচরণ করেন। এ ঘটনায় পুলিশের এসআই গিয়াস উদ্দিন খান, এএসআই আবু তালেব, কনস্টেবল ফরিদ উদ্দিন, ইমরান হোসেন, আখলাক হোসেন ও আখলিছ মিয়া আহত হন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার মামলার বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় বলেন, ‘যুবদলের দুটি গ্রুপ। শনিবার দুপুরে এক গ্রুপ বিক্ষোভ মিছিলের ও অপর গ্রুপ মিছিল প্রতিহতের জন্য শহরে প্রস্তুতি ছিল। খবর পেয়ে সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় তাদের ওপর লাঠিচার্জ করেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।’




