বড়লেখায় কুপিয়ে কৃষক হত্যা সংঘর্ষে আহত ১০, আটক ২

Published: 5 January 2022

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :



বড়লেখার তালিমপুর ইউনিয়নে বুধবার (৫ জানুয়ারি) বিকেলে কৃষক হেলাল উদ্দিন (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। কৃষক হত্যায় জড়িত থাকায় পুলিশ হামলাকারী দুইভাইকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, তালিমপুর ইউপির খুঠাউরা গ্রামের সাবেক ইউপি মেম্বার বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নোশাদ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। ইউপি মেম্বার শাহীন আহমদের স্বজন আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নোশাদকে ধাক্কা দেয়। সে আঘাতের প্রতিবাদ করায় তারা বাঁশ দিয়ে নোশাদকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে তার চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে মেম্বার শাহীন আহমদের ভাই আজিদ আলী, সফর উদ্দিন ও ছাদিকুর রহমানের নেতৃত্বে তাদের পক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হেলাল উদ্দিনকে হত্যা করে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে হিফজুর রহমান, হাফেজ নাজিম, রাজু আহমদ, শাহ আলম, শেখ ফরিদ, মনসুর আহমদ, ছাদিকুর রহমান, সফর উদ্দিন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সফর উদ্দিন ও ছাদিকুর রহমানকে আটক করেছে। নিহত হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক ও লাশ উদ্ধার করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।