জকিগঞ্জের মানিকপুর, বারহাল ও খলাচড়া ইউনিয়নে বিজয়ী হলেন যারা
সিলেট অফিস :

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৪টায় শুরু হয় গণনা।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আবু জাফর মো. রায়হান ও খলাচড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক বিজয়ী হয়েছেন।
এর আগে বুধবার সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আনে ভোটাররা। সকালের দিকে উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনের ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
বুধবার সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।




