কমলগঞ্জ সীমান্ত থেকে ৮ বাংলাদেশিকে তুলে নিয়েছে বিএসএফ

Published: 12 January 2022

সিলেট অফিস :


কমলগঞ্জের কাঠালকান্দি সীমান্ত থেকে বুধবার দুপুরে ৮ কাঠুরিয়াকে ভারতীয় বিএসএফ সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে কাঠালকান্দি পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার বিকালে ভারতীয় বিএসএফ এর হাতে কাঠালকান্দি এলাকার আলিক, আহাদ, আবদাল ও নজির সহ ৫ জন নির্যাতিত হওয়ার অভিযোগ উঠেছে। আহত এ ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে বুধবার দুপুরে কাঠালকান্দি সীমান্ত এলাকা থেকে ওয়াসিম, আবরোজ, মোস্তাকিন, সাজু, আরিফ, সফিক, ময়নুল সহ ৮ জনকে বিএসএফ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব কাঠালকান্দি গ্রামে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গলস্থ বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার সাংবাদিকদের বলেন, যাদের ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। যে ৮ জনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তারা ফিরে এসেছে বলে জেনেছি। এ বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত আছে।