গোয়াইনঘাটে ছুরিকাঘাতে যুবক খুন

Published: 12 January 2022

সিলেট অফিস :


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলমাস মিয়া (৩৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আলমাস উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের রহিম মোল্লার ছেলে। তিনি পেশায় ইঞ্জিন নৌকার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আলমাস মিয়া স্থানীয় বাংলাবাজার এলাকায় নদীর ঘাটে বেঁধে রাকা নিজের ইঞ্জিন নৌকাটি দেখতে যান। এ সময় এলাকার মনু মিয়ার ছেলে এবাদুল (২১) তাকে ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে আলমাস কাছাকাছি যেতেই কিছু বুঝে ওঠার আগে এবাদুল তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলমাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন এবাদুল মাদকাসক্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব। তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনও শেষ হয়েছে।’ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাতেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’