সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Published: 22 February 2022

সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- ভাষা শহীদ এবং ভাষা সৈনিকেরা আমাদের জাতিস্বত্তার প্রেরণার উৎস। মাতৃভাষা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিদর্শন। এই নিদর্শন কেড়ে নেয়ার সাধ্য কারো নেই। ১৯৫২ সালের এই দিনে দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা মাতৃভাষার জন্য জীবন দিয়ে বিশ্বের বুকে অনন্য নজির স্থাপন করেছেন। ভাষা বিজয়ে ৭১ বছর পর ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা জাতির জন্য দুঃখজনক। ভাষা বিজয়ের মধ্যেই আমাদের মহান মুক্তিযুদ্ধের বীজ লুকায়িত ছিল। আমরা ভাষার বিজয় পেয়েছি ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বাক স্বাধীনতা আজ স্তব্দ হতে চলেছে। সত্য বলা এখন অপরাধ। ফ্যাসীবাদি শাসনের যাতাকলে স্বাধীনতার সুফল থেকে জাতি আজ বঞ্চিত। সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। এ থেকে জাতিকে রক্ষা করতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশ জাতির এই ক্রান্তিলগ্নে ভাষা বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক জনতার ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি সোমবার মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুহাম্মদ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার ও মোঃ মুহিব আলী প্রমূখ।
জামায়াত নেতা হাফিজ আব্দুল মালিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এখলাছুর রহমান, আব্দুস শহীদ জোয়ারদার ও ফয়জুল ইসলাম জায়গীরদার প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে ভাষা আন্দোলনের শহীদদের শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে। বাংলা ভাষার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অন্যান্য ভাষাও চর্চা করতে হবে। মহান ২১শে ফেব্রুয়ারীর শহীদানের রক্তের বিনিময়ের অর্জিত বাংলা ভাষার গৌরব রক্ষায় জাতিকে ভাষা আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ করতে হবে।