সিলেট সদর উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন
সিলেট অফিস :

সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। এছাড়া আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ম যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি হল রুমে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালামের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, আজির উদ্দিন, শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপির সদস্য মো. ইলিয়াছ আলী ও ইসলাম উদ্দিন।
কাউন্সিলে সভাপতি আবুল কাশেম ২১ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী আ ফ ম কামাল পান ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান ২২ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী হাবিবুর রহমান হাবিব পান ১৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ২১ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী ওয়াজিদ আলী পান ১৯ ভোট।




