সিলেটের হাউজিং এস্টেটে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু
সিলেট অফিস :

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেটের ৬নং লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনার বিষয়ে কিছু জানে না পুলিশ।
মৃত ব্যক্তির নাম সুরুজ মিয়া (৫৫)। তিনি নগরীর কুয়ারপাড় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী সূত্র ও দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হাউজিং এস্টেটের ৬নং লেনে একটি রিকশার পেছন থেকে হুট করে একটি মোটরসাইকেল বের হয়েই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি হয় এবং সংঘর্ষ ঘটে। এসময় একটি মোটরসাইকেলের পেছনের আরোহী সুরুজ মিয়া ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েছ লোদী)।
তবে এ বিষয়ে কোনো খবর নেই পুলিশের কাছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির আজ (সোমবার) সকালে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে দেখছি।
মৃত সুরুজ মিয়ার ভাতিজা মো. সাহেদ জানান, আজ সকালে নগরীর মানিকপির টিলায় লাশ দাফন করা হয়েছে।




