বালাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল
সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের সকল আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালজুর ইউনিয়ন ব্যতিত বালাগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়ায় দলীয় গঠনতান্ত্রিক নিয়ম অনুসরনের ব্যাখ্যা প্রদানের জন্য ২৪ ঘন্টা সময় নির্ধারণ করে উপজেলা বিএনপির আহ্বায়ক বরাবরে একটি চিঠি প্রদান করা হয়। ২৪ ঘন্টার উপর অধিক সময় অতিবাহিত হওয়ার পরও উক্ত বিষয়ে উপজেলা আহ্বায়কের নিকট থেকে মৌখিক অথবা লিখিত জবাব না আসায় জেলা বিএনপির আহ্বায়ক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।
এতে আরো বলা হয়- আসন্ন জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে উপজেলা কমিটি গঠন করা জরুরী। ইতোমধ্যে জেলা বিএনপির কাছে উপজেলা আহ্বায়ক প্রেরিত আংশিক ১টি কমিটি এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আরেকটি আংশিক কমিটি জেলা বিএনপির কাছে জমা দিয়েছেন। এমতাবস্থায় দলের এই কঠিন সময়ে উপজেলা আহ্বায়কের দেয়া আংশিক কমিটি সহ উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করা হলো। পরবর্তীতে জেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।




