বিমানে ‘বার্ড হিট’, সিলেট থেকে লন্ডন যেতে পারলেন না ২৬৫ যাত্রী
সিলেট অফিস :

এয়ারক্রাফটের ডানার সাথে ধাক্কা লাগে পাখির। এতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। তাই আকাশে উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দর ত্যাগ করতে পারেনি।
জানা গেছে, উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে উড়োজাহাজের ইঞ্জিন ঠিকঠাকমতো কাজ করছিলো না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লাগার বিষয়টি। বার্ড হিটের কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
বিজি-২০১ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বার্ড হিটের কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি। তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বার্ড হিটের বা পাখির ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরনের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লেগেছিল। এতে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।




