সিলেটে নিখোঁজের পর যুবকের লাশ মিলল বিলে
সিলেট অফিস :

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউয়িনয়নের ঘাটেরচটি এলাকার বিল থেকে ডালিম নামে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পা বাঁধা অবস্থায় সোমবার বিকেলে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ডালিম আহমদ (২৩) ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতে তিনি নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন তার বাবা বাচু মিয়া। ডালিমকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বাচ্চু মিয়া।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন, ঘাটেরচটি বিলের একটি ডোবা থেকে পা বাঁধা অবস্থায় ডালিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে আঘতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।




