ফেঞ্চুগঞ্জের প্রয়াত এমপি সামাদ চৌধুরী মৃত্যুবার্ষিকী পালন
সিলেট অফিস :

সিলেট-৩ আসনের সাংসদ জননেতা মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মৃত্যু দিবস উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দুরুদ পাঠ করা হয়। জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়।
এসময় হাজারো মানুষ মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে তাঁর বাড়িতে বিশাল আয়োজনে সহস্র মানুষদের শিরণী খাওয়ানো হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমপি বাড়ি যেন সেই চিরচেনা রূপ পায়। শত শত নেতাকর্মী গতরাত থেকে তার বাড়িতে অবস্থান করে আয়োজনের দেখাশোনা করেন। আজ দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ -বালাগঞ্জ-দক্ষিনসুরমার শতশত নেতাকর্মী দোয়া মাহফিলে শরিক হোক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ।
বিকালে প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীর আয়োজনের মধ্যে রয়েছে আগামীকাল ১২ই মার্চ ফেঞ্চুগঞ্জ এতিমখানায় শিরনী বিতরণ, ১৩ই মার্চ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় এতিমখানায় শিরণী বিতরণ।
প্রসঙ্গত, গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। পরের দিন উনার মরদেহ ফেঞ্চুগঞ্জ আনা হলে করোনার ভয় উপেক্ষা করে লক্ষ মানুষের সমাগম ও কান্নায় ভারি হয়ে উঠে ফেঞ্চুগঞ্জ। কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে নির্ধারণ করে রাখা জায়গায় শেষ শয়নে শায়িত হোন টানা তিনবার বিজয়ী হওয়া সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।




