কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশ
পোস্ট ডেস্ক :

হেসেখেলেই ফাইনালে পৌঁছলো বাংলাদেশ। শনিবার এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। এতে আসরের ফাইনালে পৌঁছার সঙ্গে আসন্ন এশিয়া কাপের টিকিটও নিশ্চিত হয় বাংলাদেশের।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্টিক হাতে হ্যাটটিক্র নৈপুণ্য দেখান বাংলাদেশ দলের আশরাফুল ইসলাম। ম্যাচে আগাগোড়া দাপুটে নৈপুণ্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে যা একটু প্রতিরোধ গড়ে কাজাখস্তান। রোববার ফাইনালে ওমানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে আশরাফুলরা। আসরের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ওমান।
এদিন আশরাফুল চারটি ও খোরশেদুর রহমান দুটি গোল করেন। বাকি দুই গোল আসে রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজের স্টিক থেকে।
শেষ দিকে কাজাখস্তানকে একমাত্র গোল এনে দেন আমান ইলুবায়েভ। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আরও চারবার লক্ষ্যভেদ করে ম্যাচে চালকের আসনে বসে যায় তারা। পিসি থেকে খোরশেদের গোলের পর ৪০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল।
এই কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ও খোরশেদের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে জিমি ও সবুজের ফিল্ড গোলে বড় জয় নিশ্চিত হয়।
পুল পর্বে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালে উঠলো মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথানের দল।
স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় দল।




