বিশ্বকাপের পথে এগিয়ে গেলেন সালাহ

Published: 26 March 2022

পোস্ট ডেস্ক :


লিভারপুল সতীর্থ সাদিও মানের কাছে কিছুদিন আগে আফ্রিকান নেশন্স কাপের ট্রফি খোয়ান মোহাম্মদ সালাহ। ৬ সপ্তাহ পর ফাইনালে হারের বদলা নিলেন তিনি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। শুক্রবার তৃতীয় রাউন্ডের প্লে-অফের প্রথম লেগে মানের সেনেগালকে ১-০ গোলে হারায় সালাহর মিসর। একমাত্র গোলটি আত্মঘাতী খাত থেকে আসলেও মূল কারিগর ছিলেন সালাহই। আগামী মঙ্গলবার প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেনেগাল-মিসর। ওই ম্যাচে জয়ী দল পাবে কাতার বিশ্বকাপের টিকিট।

কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রায় ৭৫ হাজার দর্শক উপভোগ করেন সালাহ-মানের দ্বৈরথ। ম্যাচে সেনেগাল তুলনামূলক ভালো খেলেছে। বল পজেশনেও এগিয়ে ছিল তারা।

যদিও দু’দল সমান তিনটি করে শট নিতে পেরেছে অন-টার্গেটে।

ঘরের মাঠে চতুর্থ মিনিটে এগিয়ে যায় মিসর। আমর আল সুলায়ার পাস ধরে প্রতিপক্ষের ডিবক্স থেকে শট নেন সালাহ। ক্রসবারে প্রতিহত হলেও সেনেগাল ডিফেন্ডারের পায়ে লেগে বল ঠিকানা খুঁজে নেয় জালে। এরপর কয়েকবার গোলের কাছে গিয়েও সমতা আনতে পারেননি সেনেগাল। বিরতির আগমুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে ডিবেক্সর সামনে সুবিধাজনক জায়গা থেকে শট নেন মানে। তবে টাল সামলাতে না পারায় লক্ষ্যে রাখতে পারেননি বল।

আফ্রিকান অঞ্চলের বাছাই প্লে-অফের অন্য ম্যাচে আলজেরিয়া ১-০ গোলে হারায় স্বাগতিক ক্যামেরুনকে। একই ব্যবধানে মালির মাঠে জেতে তিউনিসিয়া। তবে ঘানা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে অ্যাওয়ে গোলের সুবিধা বাতিল করা হলেও আফ্রিকান ফুটবল চলছে আগের নিয়মেই।