আইপিএলের শুরুতেই ধোনি ধামাকা
পোস্ট ডেস্ক :

বয়স ছাড়িয়েছে ৪০ বছর। এজন্য নিজেই ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে। তবে ব্যাটে এখনও মরচে পড়েনি মহেন্দ্র সিং ধোনির। আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে চেন্নাই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে একটা সময় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। ধোনির ৩৮ বলে ৭ বাউন্ডারি ১ ছক্কায় অপরাজিত ৫০-এ ২০ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ১৩১। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ২৮ বলে ১ ছক্কায় অপরাজিত ছিলেন ২৬ রানে। ২০ রানে ২ উইকেট উমেশ যাদবের।
ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় সদ্য প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে। তাঁর নেতৃত্বে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ট্রফি নিয়ে ওয়ার্নের উল্লাসের ভিডিও দেখে স্টেডিয়ামে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকে।




