সিলেটে কোলে সন্তান নিয়ে রাস্তায় প্রতিবাদী নারী

Published: 31 March 2022

সিলেট অফিস :


পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিসহ দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে সিলেটে মানববন্ধন এবং সমাবেশ করেছেন ১৪ দলীয় জোটের শরিক পাঁচটি দল।

বুধবার (৩০ মার্চ) বিকেলে নগরীর বন্দরবাজারে এ কর্মসূচি পালন করে ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ সিলেট জেলা ও মহানগর শাখা।

এসময় কোলের সন্তান নিয়ে মানববন্ধনে অংশ নেন গৃহকর্মী মোছা. রিতা বেগম। তিনি জানান, নগরীর শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা তিনি। স্বামী আব্বাস উদ্দীন একজন দিনমজুর। নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে তিনি সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। তাই প্রতিবাদ জানাতে মানববন্ধনে যোগ দিয়েছেন।

সাম্যবাদী দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেণ সিংহের সভাপতিত্বে ও জাসদের সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এম কিবরিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ আহমদ, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী, সাম্যবাদী দল সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফরোজ আলী, জাসদ সিলেট মহানগররের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগরের সদস্য সচিব শ্যামল কাপালী, ন্যাপের সিলেট জেলার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক প্রমূখ।

মানববন্ধনে বক্তারা এসময় বলেন যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের হাহাকার বাড়ছে। দেশে দুর্নীতি ও লুটপাট হচ্ছে। সরকার এসব দেখেও না দেখার ভাব দেখাচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করতে হবে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স-পক্ষের দল।