বিশ্বনাথে সরঞ্জাম-অস্ত্রসহ বিশ্বনাথে দুই ডাকাত গ্রেফতার
সিলেট অফিস :

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম-অস্ত্র’সহ সিলেটের বিশ্বনাথে দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
এসময় পুলিশ ডাকাতদের বহনকারী হাইয়েস (চট্ট মেট্রো-চ ১১-২৮৬৪) জব্দ করে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাতে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে ডাকাতদের আটক করা হয়।
আটককৃতরা হল সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আবুল খায়ের (৪১) ও ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র আকিল আলী (৩৩)।
আটককৃতদের অভিযুক্ত করে থানার এএসআই নাছির উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮ (তাং ৩১.০৩.২২ইং। এরপর ওই মামলায় খায়ের-আকিলকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করে পুলিশ।
উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রের মধ্যে লোহার তৈরী ৪৪ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি লম্বা দুটি কিরিচ, তালা ভাঙ্গার ৩৪ ইঞ্চি লম্বা ১টি লোহার কাটার, ১টি ষ্টিলের তৈরী কাটার, লোহার তৈরী ২টি রেঞ্জ, ১টি কাটার বেøড, ১টি লোহার সাবল রয়েছে।
সরঞ্জাম-অস্ত্রসহ দুই ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন জানান, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে (আটককৃত) আবুল খায়ের ও আকিল মিয়াসহ একদল ডাকাত হাইয়েসে করে বৃহস্পতিবার ভোরের দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালীগঞ্জ বাজারে প্রবেশ করে। এসময় থানার এসআই মোহাম্মদ খবির উদ্দিন ও এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে টহলরত পুলিশ গাড়ি তল্লাশি শুরু করলে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এসময় হাইয়েস গাড়ি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ওই খায়ের-আকিল ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।




