র্যাংকিংয়ের তলানিতে বাংলাদেশ, শীর্ষে ব্রাজিল
পোস্ট ডেস্ক :

ব্রাজিল সবসময়ই ভালো ফুটবল খেলে। তবু, গত প্রায় পাঁচ বছর ধরে তারা ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠতে পারেনি। অবশেষে সেই অপেক্ষা শেষ হলো। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বেলজিয়ামকে টপকে শীর্ষে উঠে এসেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবার বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি ব্রাজিল। সর্বশেষ দুটি ম্যাচে প্রতিপক্ষের জালে এক হালি করে গোল দিয়েছে তারা। এতে ৯.২৭ রেটিং পয়েন্ট বেড়েছে। যার ফল র্যাংকিংয়ে প্রতিফলিত হলো। ফলে দীর্ঘদিন পর শীর্ষস্থান হারাতে হলো বেলজিয়ামকে।
এই তালিকায় তিনে ফ্রান্স, চারে আর্জেন্টিনা ও পাঁচে ইংল্যান্ড। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে- ইতালি, স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস। এর মধ্যে ইতালি আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।
এদিকে, র্যাংকিংয়ে আরও দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এখন লাল-সবুজ বাহিনীরা ১৮৮তম স্থানে অবস্থান করছে।




