চ্যাম্পিয়নস লীগে কি খেলতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড?
পোস্ট ডেস্ক :

আগামী মৌসুমে কি চ্যাম্পিয়নস লীগে খেলতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? পরিস্থিতি যেদিকে আগাচ্ছে তাতে ক্রিস্টিয়ানো রোনালদোদের ইউরোপ সেরার মঞ্চে না দেখার সম্ভাবনাই বেশি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ৩০তম রাউন্ডে লেস্টার সিটির মুখোমুখি হয় তারা। ঘরের মাঠে ১-১ গোলের ড্র জোটে ইউনাইটেডের কপালে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আরও জোড়ালো হয়েছে তাদের।
৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে টটেনহ্যামের অবস্থান পাঁচে। তবে স্পাররা এক ম্যাচ কম খেলেছে। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। তাদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তিনে চেলসি।
চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে শিরোপার মূল লড়াইটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে।
লিভারপুলের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি। ৩০ রাউন্ড শেষে সিটির সংগ্রহ ৭৩ পয়েন্ট।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোকে ছাড়াই লেস্টারের বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে কেলেচি ইহেনাচো এগিয়ে দেন লেস্টারকে। তিন মিনিট পরেই অবশ্য ফ্রেডের গোলে সমতা আনে ম্যানইউ। ৮০তম মিনিটে ভিএআরের কল্যাণে বেঁচে যায় তারা। রাফায়েল ভারানকে ফাউলের কারণে বাতিল হয়ে যায় লেস্টারের গোল।
জার্মান কোচ রালফ রাংনিককে দিয়ে আর হচ্ছে না ম্যানইউর। তার অধীনে ৪২.৮৫ শতাংশ ম্যাচ জিতেছে (২১ ম্যাচে ৯ জয়) রেড ডেভিলরা। এর মধ্যে সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ৬ ম্যাচে ম্যানইউর জয় মাত্র একটি। তাই নতুন কোচ খুঁজছে দলটি। রাংনিকের স্থলাভিষিক্ত হতে পারেন পিএসজির বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো অথবা আয়াক্সের এরিক টেন হাগ। ২০১৭ থেকে ডাচ জায়ান্ট আয়াক্সের দায়িত্বে আছেন টেন হাগ।




