অস্ট্রেলিয়ার জয়ে বিয়ে ভাঙলো পাকিস্তানি তরুণের!

Published: 7 April 2022

পোস্ট ডেস্ক :


একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে সর্বনাশ হলো এক তরুণের। বিয়েটাই সম্ভবত ভেঙে গেছে তার! খেলা চলাকালীন মাঠেই প্লে-কার্ড বার্তায় প্রেমিকা শর্ত জুড়ে দিয়েছিল, এ ম্যাচে পাকিস্তান জিতলেই বিয়েতে রাজি হবেন তিনি। কিন্তু অজিদের কাছে ৩ উইকেটে হেরে যায় বাবর আজমরা।
২৪ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে এসে দারুণ আতিথেয়তা পেয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। স্বাগতিক দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। টেস্ট, ওয়ানডের পর একমাত্র টি-টোয়েন্টিতেও মাঠে দর্শকদের আনাগোনা ছিল দেখার মতো। টি-টোয়েন্টি ম্যাচে ব্যানার নিয়ে আসেন এক তরুণী। যাতে লেখা ছিল, ‘যদি পাকিস্তান জেতে, আমি হ্যাঁ বলবো।’ টিভি ক্যামেরায় ধরা পড়ে তা। ১৬৩ রানের পুঁজিতে ম্যাচটা ভালো জমিয়ে তুলে পাকিস্তান।

শেষ ওভারে ৪ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। হারিস রউফের করা ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বেন ম্যাকডারমট। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যানার নিয়ে আলোচনায় মাতেন ক্রিকেট ভক্তরা। নাম না জানা তরুণের জন্য আফসোস করতে থাকেন তারা। একজন বলেন, ‘মেয়েটার উচিৎ তাকে আরেকটি সুযোগ দেয়া।’
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজে ২-১তে হাসে পাকিস্তান।