সাবেক স্ত্রীকে গাড়ি ধাক্কা দিয়ে পালালেন মেসিদের সতীর্থ
পোস্ট ডেস্ক :

তোতো সালভিও, অপরিচিত মনে হলেও এক সময় লিওনেল মেসি, ডি মারিয়াদের সঙ্গে চর্চা হতো নামটি। ২০১৮ বিশ্বকাপেও আর্জেন্টিনার সদস্য ছিলেন এই মিডফিল্ডার। অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকার মাঠ মাতিয়ে ২০১৯ সালে সালাভিও যোগ দেন বোকা জুনিয়র্সে। একসময়ের সম্ভাবনাময় এই খেলোয়াড় খবরের শিরোনাম হলেন র্ভিন্ন কারণে। পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে গাড়ি ধাক্কা দিয়ে পালালেন সালভিও।
আর্জেন্টাইন মডেল মাগালি আরাভেনার সঙ্গে প্রেম করে বিয়ে করেন সালভিও। ১০ বছর ধরে সংসার করেছেন দুজন। আছে দুই সন্তানও। সম্প্রতি আলাদা বসবাস করছেন আরাভেনা ও সালভিও।
বৃহস্পতিবার ভোর রাতে নিজের গাড়িতে পরকীয়া করতে গিয়ে সাবেক স্ত্রী আরাভেনার কাছে ধরা পড়েছেন সালভিও।
এক কথা দুই কথা করতে করতে তর্কে জড়িয়ে পড়েন দুজন। স্ত্রী তাকে আটকাতে গাড়ির সামনে চলে আসেন। সালভিও তোয়াক্কা করেননি সেটা। জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন মেসিদের সাবেক এই সতীর্থ। রাস্তার পুলিশও তাকে ধরতে পারেনি।
সিসিটিভিতে ধরা পড়েছে এই দৃশ্য। আর্জেন্টিনার পুয়ের্তো মাদেরো অঞ্চলে ঘটেছে ঘটনাটি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, দুর্ঘটনার কারণে পায়ে চোট পেয়েছেন সালভিওর সাবেক স্ত্রী আরাভেনা। তবে হাসপাতালে যেতে হয়নি তাকে। পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন আরাভেনা। পুলিশ এখন খুঁজছে সালভিওকে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এক নারী তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য গাড়ির কাছে যান, যে গাড়িতে তার স্বামী আরেক নারীর সঙ্গে ছিলেন। অভিযুক্ত এমন অবস্থায় তাড়াতাড়ি গাড়ি নিয়ে মিসেস আরাভেনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।’
বুয়েন্স আয়ার্সের অ্যাম্বুলেন্স প্রধান আলবের্তো ক্রিসেন্তি জানিয়েছেন, ‘নগর পুলিশ আমাদের জানিয়েছে ব্যাপারটা। তারা একজন নারীকে খুঁজে পেয়েছে যে হাঁটুর নিচে চোট পেয়েছে। ’
ঘটনার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সালভিও পুলিশের কাছ থেকে পালাতে পারবে না।’




