প্রত্যেক ম্যাচের পর প্রাণনাশের হুমকি পান বায়ার্ন কোচ
পোস্ট ডেস্ক :

ভিয়ারিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়েছে বায়ার্ন মিউনিখ। অভাবনীয় ব্যর্থতার দায়ে তুমুল সমালোচনার মুখে জুলিয়ান নাগেলসম্যান। বায়ার্ন কোচ জানান, প্রত্যেক ম্যাচের পরই মৃত্যুর হুমকি পান তিনি। এমনকি ম্যাচ জিতলেও।
নাগেলসম্যান বলেন, ‘প্রতিটি ম্যাচের পর আমি এটা (মৃত্যুর হুমকি) পেয়ে থাকি। সেটা আমরা জিতলে বা হারলেও। আমি শুধু প্রথম লাইনটা দেখি এবং এরপর সব একবারে মুছে দিই। তারা আমার মাকেও ছাড় দেয় না, যার ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বেশ অবমাননাকর।’
সমর্থকদের কাণ্ডজ্ঞানহীন আচরণে হতবাক নাগেলসম্যান।
তিনি বলেন, ‘আমরা যখন ডিফেন্সে তিন জন নিয়ে খেলি তখনও মৃত্যুর হুমকি পাই। আমি এটা কীভাবে মোকাবিলা করব? আমি এসব আমলে নিই না। আমি এর কারণ বুঝতে পারি না। টিভি বন্ধ করার সঙ্গে সঙ্গে লোকেরা তাদের শালীনতা ভুলে যায়। কিন্তু এগুলো একেবারেই ভিত্তিহীন। অদ্ভুত ব্যাপার হলো, তারা মনে করে যে তারাই সঠিক।’
নাগেলসম্যান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এসব পেছনে ফেলে এগিয়ে যাই। আমি এখন কাউকে উস্কে দিতে চাই না।’
চ্যাম্পিয়নস লীগের শেষ আটের প্রথম দেখায় ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে দাপুটে প্রত্যাবর্তন করতে পারেনি বাভারিয়ানরা। ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে সেমিতে পৌঁছে যায় ভিয়ারিয়াল। এর আগে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে বায়ার্ন। ফলে চলতি মৌসুমে নাগেলসম্যানের দলের শেষ সুযোগ লীগ শিরোপা।
জার্মান বুন্দেসলিগায় আগামী ১৭ই এপ্রিল আর্মেনিয়ার বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাগেলসম্যানের দল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।




