রোনালদোর হ্যাটট্রিকে জয়ে ফিরলো ম্যানইউ

Published: 17 April 2022

পোস্ট ডেস্ক :


১২ই মার্চ, সবশেষ জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টানা ৩ ম্যাচ ব্যর্থতা সঙ্গী হয়েছে রেড ডেভিলদের। ধুঁকতে থাকা ম্যানইউর ক্ষতে এবার প্রলেপ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের হ্যাটট্রিকে জয়ে ফিরেছে ইউনাইটেড। শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারায় রালফ রাংনিকের দল।

এই জয়ে প্রিমিয়ার লীগ টেবিলের পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে তাদের ৫৪ পয়েন্ট। ৩ পয়েন্ট বেশি নিয়ে চারে টটেনহ্যাম হটস্পার। দুর্দান্ত প্রত্যাবর্তনে সেরা চারে থেকে মৌসুম শেষ করার সুযোগ তৈরি হয়েছে রেড ডেভিলদের।
ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক করে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। লড়াইয়ে ফেরার প্রত্যাশা জানিয়ে পর্তুগিজ সুপারস্টার বলেন, ‘এই জয়ে আমি আনন্দিত। এটি আমাদের প্রিমিয়ার লীগে লড়াইয়ে ফিরিয়েছে।’

রোনালদো বলেন, ‘যেমনটি আমি আগেও বলেছি, ব্যক্তিগত অর্জন তখনই মূল্যবান যখন দলের প্রয়োজনে আসে। আমার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ এটা আমাদের (ম্যানইউকে) ৩ পয়েন্ট এনে দিয়েছে। ছেলেরা ভালো খেলেছে, সর্বোচ্চ চেষ্টা ছিল সবার। আমরা হাল ছাড়ছি না, শেষ পর্যন্ত লড়াই করব।’

ঘরের মাঠে গোটা ম্যাচে ছিল ম্যানইউর আধিপত্য। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২০টি শট নেয় স্বাগতিকরা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অপরদিকে ৩৯ শতাংশ বল দখলে রাখা নরউইচ ১৫টি শটের ৪টি লক্ষ্যে রাখে।

ম্যাচের শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। সপ্তম মিনিটে এন্থনি এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন সিআরসেভেন। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরে নরউইচ। তেমু পুক্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান কমান কিয়েরান ডাওয়েল।
বিরতি থেকে ফিরেই সমতা টানে নরউইচ। ডাওয়েলের পাস ধরে বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পুক্কি।

৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে আনন্দে ভাসান রোনালদো। ডি-বক্সের অনেকখানি বাইরে এলেঙ্গা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইউনাইটেড। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন রোনালদো। রক্ষণ দেয়াল এড়িয়ে লক্ষ্যে থাকা বলে ঝাঁপিয়ে হাত লাগান গোলরক্ষক; কিন্তু রুখতে পারেননি। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৬০টি। ক্যারিয়ার গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১০টি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে রোনালদোর গোল হলো ১৫টি। তালিকায় উপরে আছেন কেবল মোহাম্মদ সালাহ (২০) ও সন হিউং-মিন (১৭)।