ক্লপের বিশ্বাস, দ্রুত’ই গোল পাবেন সালাহ

Published: 18 April 2022

পোস্ট ডেস্ক :


পার হয়ে গেছে এক মাসেরও অধিক সময় কিন্তু লিভারপুলের হয়ে গোলের দেখা পাচ্ছেন না মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তবে এটা নিয়ে মোটেও দুশ্চিন্তা করছেন না লিভারপুল বস ইয়র্গেন ক্লপ। তাঁর বিশ্বাস দ্রুতই গোলে ফিরবেন সালাহ।

লিভারপুলের হয়ে সর্বশেষ ১২ মার্চ গোলের দেখা পেয়েছিলেন সালাহ।

এরপর খেলেছে আরও ছয়টি ম্যাচ কিন্তু পারেনি গোল করতে। এর আগে জাতীয় দলেও খারাপ সময় কাটিয়েছেন সালাহ। নিজ দেশ মিশরকে নিয়ে যেতে পারেননি বিশ্বকাপে। বাঁচা-মরার ম্যাচে সেনেগালের বিপক্ষে পেনাল্টি মিস করে ভিলেন বনে যান তিনি।
আগামীকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচের আগে সোমবার এক সংবাদ সম্মেলনে সালাহকে নিয়ে কথা বলেছেন ক্লপ। সালাহর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন,’সালাহ যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। গত কয়েক মাসে সে যতটা শারীরিক ধকলের মধ্যে দিয়ে গেছে, তা নিয়ে আমরা কথা বলেছি। তাই এটা খুবই স্বাভাবিক। সিটির বিপক্ষে তার খেলা আমার খুবই ভালো লেগেছে। সে ভালো খেলেছে, খুব ভালো ফুটবল খেলেছে। তার গোল করাটা কেবলই সময়ের ব্যাপার। ‘

চলতি প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ২০ গোল করেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ২৮ গোল।