সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় বাইক রেইসারসহ নিহত ৫
সিলেট অফিস :

সিলেট পৃথক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল রেইসার ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক কাভার্ডভ্যান চালকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাহিম মিয়া (১৪) ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে রিক্সা চালক জলফু মিয়া (৪০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক জলফু মিয়া মারা যান। গুরুতর আহত আবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ওসি আরো জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ বাবু মিয়া (৩৭)কে ভ্যানসহ আটক করা হয়েছে। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা। ওসি বলেন, আটক বাবু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরদিকে সিলেটে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল রেইসার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খাসদবীর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাব্বি নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত যুবক সদর উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। নিহত যুবক ওসমানী শিশু উদ্যানের মোটরসাইকেল রেইসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফেরার পথে মোটরসাইকেল যোগে নগরীর খাসদবীর এলাকায় পৌঁছামাত্র অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওইদিন দুপুর পৌণে ২টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন মাহমুদ আলী শাহ টিলা এলাকায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় মুসলিম মিয়া(১০) নামে এক শিশু। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মুসলিম মিয়া। এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।




