ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক পরাজয়ে লজ্জার রেকর্ড বার্সেলোনার

Published: 25 April 2022

পোস্ট ডেস্ক :


প্রথমে ফ্রাঙ্কফুর্ট, তারপর কাদিজ, সবশেষ রায়ো ভায়োকানো- ঘরের মাঠে টানা তিন হারে লজ্জার রেকর্ড গড়লো বার্সেলোনা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার একই মৌসুমে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক পরাজয় দেখলো কিউলরা। ভায়োকানোর পক্ষে জয়সূচক গোলটি করেন আলভারো গার্সিয়া।

রোববার লা লিগায় রায়ো ভায়োকানোর কাছে ১-০তে হারে বার্সা। আগের ম্যাচে ঠিক একই ব্যবধানে কাদিজের কাছে ধরাশায়ী হয় জাভির দল। আর ন্যু ক্যাম্পে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে তাদের হারটা ছিল ৩-২ গোলের।

কাগজে কলমে লা লিগার শিরোপা সম্ভাবনা যতটুকু বেঁচে ছিল বার্সার, ভায়োকানো কাছে হেরে সেটিও শেষ হয়ে গেছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ তাদের বাকি ৫ ম্যাচে ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সা দুই নম্বরে।

তবে ৫ নম্বরে থাকা রিয়াল বেতিসও বার্সেলোনার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। মাত্র ৬ পয়েন্টের ব্যবধান।

এস্পানিওলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচেই শিরোপা উৎসব করতে পারে রিয়াল মাদ্রিদ।