আর্জেন্টিনার সঙ্গে খেলে অবসর নেবেন ইতালির অধিনায়ক

Published: 26 April 2022

পোস্ট ডেস্ক :


অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জর্জিও কিয়েল্লিনি। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বুটজোড়া তুলে রাখবেন ইতালিয়ান অধিনায়ক। আগামী জুনে ওয়েম্বলিতে ম্যারাডোনা কাপে লিওনেল মেসিদের মুখোমুখি হবে আজ্জুরিরা।
৩৭ বছর বয়স কিয়েল্লিনির। দল কাতারের টিকিট পেলে হয়তো বিশ্বকাপ খেলেই অবসরের সিদ্ধান্ত জানাতেন তিনি। তা হয়নি, ২০১৮ সালের মতো এবারও বাছাইপর্বের বাধা টপকাতে পারেনি ইতালি।

সোমবার রাতে ইতালিয়ান সিরি আয় সাসুওলোর বিপক্ষে জয় পায় কিয়েল্লিনির দল জুভেন্টাস। সেই ম্যাচের পরই অবসরের কথা গণমাধ্যমকে জানান এই সেন্টার ব্যাক। কিয়েল্লিনি বলেন, ‘সব ঠিক থাকলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় দলকে বিদায় বলব। আর্জেন্টিনার বিপক্ষে এমন উদযাপনমূলক একটা ম্যাচে অবসর নেয়া দারুণ ব্যাপার হবে ।

জাতীয় দলের জন্য এটাই আমার শেষ।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি কিয়েল্লিনি। তিনি বলেন, ‘জুভেন্টাসের সঙ্গে মধুর সম্পর্ক শেষ হচ্ছে না। এটি কখনো শেষ হবে না।’
কিয়েল্লিনি বলেন, ‘অবশ্যই, এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু মূল্যায়ন করতে হবে। আমার পরিবারের সঙ্গে কথা বলে সেরা সিদ্ধান্তটা নিতে হবে।’

জুভেন্টাসের সঙ্গে নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হননি কিয়েল্লিনি। বয়সের সীমাবদ্ধতার দিকেও নজর রয়েছে তার। কিয়েল্লিনি বলেন, ‘আমি সময় নিয়েছিলাম এবং ইউরোর (চ্যাম্পিয়নশিপ) পরে নতুন চুক্তিতে স্বাক্ষর করিনি। আমার বয়সে এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়। তবে সবকিছু স্বাভাবিক রয়েছে।’

২০০৪ সালে ইতালির জার্সিতে অভিষেক হয় কিয়েল্লিনির। আন্তর্জাতিক ফুটবলে ১১৬টি ম্যাচ খেলেছেন এই ইতালিয়ান। জাতীয় দলের হয়ে ৮টি গোল করেছেন এই ডিফেন্ডার। ২০০৪ সালেই জুভেন্টাসে আসেন কিয়েল্লিনি। এক মৌসুম ফিওরেন্তিনায় লোনে খেলা এই খেলোয়াড় জুভেন্টাসের জার্সিতে এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৭টি।