বার্সায় যেতে চান লেভানদোভস্কি

Published: 30 April 2022

পোস্ট ডেস্ক :


বায়ার্ন মিউনিখে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রবার্ট লেভানদোভস্কি। বাভারিয়ানদের হয়ে আলো ছড়িয়ে টানা দুবার ফিফা বর্ষসেরার খেতাব জিতে নিয়েছেন পোলিশ স্ট্রাইকার। জার্মান বুন্দেসলিগায় গড়ছেন দুর্দান্ত সব রেকর্ড। তবু কেনো লেভার বার্সেলোনায় যোগদানের গুঞ্জনে সরব ফুটবল পাড়া? মিউনিখের ক্লাবটিতে কি সুখি নন তিনি? লেভানদোভস্কির সাবেক বায়ার্ন সতীর্থের মতে, ব্যালন ডি’অর জিততেই ন্যু-ক্যাম্পে যোগ দিতে চান তিনি।
জাভি মার্টিনেজ, স্প্যানিশ এই ডিফেন্ডার বায়ার্ন মিউনিখে লেভানদোভস্কির সতীর্থ ছিলেন। ২০২১ সালে কাতার স্পোর্টস ক্লাবে যোগ দেন তিনি। স্প্যানিশ রেডিও প্রোগ্রাম এল লাগেরোতে দেয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘স্পেনে খেললে এতদিনে একটা বা দুটো ব্যালন ডি’অর থাকত তার। এ কারণেই সে চেষ্টা করছে। সে মনে করে ব্যালন ডি’র তার প্রাপ্য। জার্মান লীগে খেলা আর স্প্যানিশ লীগে বার্সেলোনা বা রিয়ালে খেলা তো এক নয়।’
২০২০ সালে করোনাভাইরাসের কারণে বাতিল হয় ব্যালন ডি’অর। দুর্দান্ত ফর্মের সুবাদে সে বছর বর্ষসেরার দাবিদার ছিলেন লেভানদোভস্কি

ব্যালন ডি’অর না পেলেও সেবার ফিফা দ্য বেস্ট হয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। ২০২১ সালে লিওনেল মেসির কাছে অল্পের জন্য ব্যালন ডি’অর হারান লেভা। এই মৌসুমেও ফিফার বর্ষসেরা হয়েছেন তিনি। সবকিছু বিবেচনা করলে জাভি মার্টিনেজের যুক্তি অমূলক মনে হবে না। লেভানদোভস্কির যা ফর্ম, বার্সায় থাকলে এতদিনে হয়তো ব্যালন ডি’অরের স্বাদ পেয়েও যেতেন তিনি।
লেভানদোভস্কির বার্সায় যাওয়ার সম্ভাবনা নিয়ে জাভি মার্টিনেজ বলেন, ‘আজই ওর সঙ্গে কথা হলো আমার। আমাকে বললো, প্রতিদিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছে।’
লেভানদোভস্কির বার্সায় যোগদানের সম্ভাবনার পালে হাওয়া দিয়েছেন তার স্ত্রী অ্যানা লেভানদোভস্কা। গত ১৬ই এপ্রিল জানিয়েছেন, স্প্যানিশ শিখছেন তিনি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার ভাষ্য, লেভানদোভস্কির ন্যু-ক্যাম্পে আসার সম্ভাবনা তুঙ্গে। সবঠিক থাকলে হয়ত নতুন মৌসুমেই জল্পনা রূপ নেবে বাস্তবে।