মেসির ভাইরাল ভিডিওটি আসল না নকল?
পোস্ট ডেস্ক :

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ফুটবল নিয়ে যে কতটা জাদু দেখাতে পারেন, সেটা কারও অজানা নয়। বরং মেসি প্রতিবার মাঠে নামার সময় সবার আগ্রহ থাকে নতুন জাদু দেখার। মেসিকে নিয়ে তেমনই এক জাদুকরী ভিডিও বানিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। যাদের সঙ্গে ২০০৬ সাল থেকে মেসি চুক্তিবদ্ধ।
আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে বানানো সেই ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। এমনকী ভিডিওটির সত্যতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে!
গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন মেসি। যাতে দেখা যাচ্ছে, অ্যাডিডাসের নতুন ডিজাইনের বুট পরে মেসি পরপর তিনটি বলে কিক দিচ্ছেন। শুধু এটুকুই নয়, বেশ কয়েক মিটার দূরে আবর্জনা রাখার একটি পাত্র বসানো ছিল। চ্যালেঞ্জ ছিল, এক শটে সেই বলগুলো সেই পাত্রে ফেলতে হবে। প্রথম শটের চেয়ে দ্বিতীয় শটের ক্ষেত্রে পাত্রটা বেশি দূরে ছিল। দ্বিতীয়টির চেয়ে তৃতীয় শটের ক্ষেত্রে পাত্র আরও দূরে রাখা হয়। আর্জেন্টাইন জাদুকর নিখুঁতভাবে কাজটি করে দেখান।
কিন্তু ভিডিওটি নিয়ে এখন দুইভাগে বিভক্ত হয়ে গেছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরা। একপক্ষের দাবি, ভিডিওটি গ্রাফিক্সের মাধ্যমে বানানো। অন্যপক্ষ আবার ভিডিওটিকে আসল বলে দাবি করছে। বেশিরভাগই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘ডেভিড বেকহামের মতো এটাও বানানো ভিডিও। ‘ ২০১১ সালে ইংলিশ মহাতারকাকে নিয়ে প্রায় একইরকম একটি বিজ্ঞাপন বানিয়েছিল পেপসি। পরে জানা যায়, ভিডিওটি ছিল বানানো। তবে মেসির ভিডিও নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি অ্যাডিডাস।




