সিলেটে আগুনে পুড়লো হকার মার্কেটে অর্ধশতাধিক দোকান
সিলেট অফিস :

সিলেটে ভোররাতে আগুনে পুড়লো বাণিজ্যিক কেন্দ্র হকার মার্কেটের অন্তত ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান। এরমধ্যে অন্তত ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের ৪ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুর রহমান ভুইয়া জানিয়েছেন, নগরীর লালদিঘীরপাড় হকার মার্কেটের ৩, ৪, ৫, ৬ নং ব্লকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট গিয়ে প্রায় চার ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ীরা। কয়েকটি দোকান পুড়ে গেছে। বেশির ভাগ দোকানই হচ্ছে কাপড়ের। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য তদন্ত হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে- দূর্ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ নেতা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, মার্কেটের রাস্তা সরু থাকার কারণে গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়।




