ফরাসি বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-নেইমার

Published: 4 May 2022

পোস্ট ডেস্ক :


বিশ্ব ফুটবলে দুই বড় সুপারস্টার খেলছেন ফরাসি লিগে একই দলের হয়ে। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এই দুজন স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও এনে দিতে পারেননি। আজ ভক্তদের জন্য আরও এক খারাপ খবর এলো। গতকাল ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) ২০২১-২২ মৌসুমে সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

যাতে জায়গা হয়নি লিওনেল মেসি কিংবা নেইমারের! তবে পিএসজির আরেক সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ঠিকই জায়গা করে নিয়েছেন।
অথচ ফরাসি লিগ ওয়ানে একমাত্র পিএসজি ছাড়া কোনো দলকে গোনাতেই ধরা হয় না। লিগে একনায়কত্ব কায়েম করেছে পিএসজি। সেই ক্লাবেরই কিনা বড় দুই সুপারস্টারের জায়গা হয়নি বর্ষসেরার সেরা পাঁচে! লিগে ১১ গোল করেছেন নেইমার। আর মেসি নিজে ৪ গোল করলেও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে।

তবে সেরা পাঁচে থাকা কিলিয়ান এমবাপ্পে ৩২ ম্যাচে ২৪ গোল আর ১৬টি অ্যাসিস্ট করেছেন। পিএসজির শিরোপা জয়ে তার অবদানই সবচেয়ে বেশি। বর্ষসেরার দৌঁড়ে এমবাপ্পের সঙ্গে লড়াই করবেন মোনাকো স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের, মার্শেই মিডফিল্ডার দিমিত্রি পায়েত, লিওঁ মিডফিল্ডার লুকাস পাকেতা ও রেনেঁ ফরোয়ার্ড মার্টিন টেরিয়েরের।

সেরা পাঁচ গোলকিপারের মনোনয়ন পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নিসের আর্জেন্টাইন ওয়াল্টার বেনিতেজ, নঁতের আলবান লাফোঁ, মার্শেইয়ের পাও লোপেজ ও স্ত্রাসবুর্গের মাৎস সেলস। লিগের সেরা কোচের মনোনয়ন পেয়েছেন নিসের ক্রিস্তোফ গালতিয়ের, মার্শেইয়ের হোর্হে সাম্পাওলি, রেনেঁর ব্রুনো জেনেসিও, স্ত্রাসবুর্গের জুলিয়ান স্তেফান এবং নঁতের আতোয়ানঁ কমবায়ারে।