শপথ গ্রহণ করলেন মেয়র ফারুকসহ কাউন্সিলরগণ

Published: 17 July 2022

সিলেট অফিস :


বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের এক মাস পর মেয়রসহ পৌর কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন।

রোববার (১৭ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

গত ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রায় ১৭শ ভোট পেয়ে ফারুকুল হক নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই মেয়র, ১০ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ জন কাউন্সিলরের নামে গেজেট প্রকাশ হয়। এবং আজ ১৭ জুলাই তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়।

পৌর মেয়র ফারুকুল হক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তিনি পৌরসভা দ্বিতীয় মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন।

পৌরসভার মেয়র পদে ফারুকুল হক ছাড়াও কাউন্সিলরদের মধ্যে শপথ গ্রহণ করেছেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফা বেগম, মোছা: রুবি বেগম ও শিল্পী বেগম এবং সাধারণ কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, আকবর হোসেন, মো. আবুল কাশেম, সাইফুল ইসলাম, এহসানুল ইসলাম, মিছবাহ উদ্দিন, এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল।