কোহলিকে এবার খোঁচা মারলেন পার্থিব

Published: 24 July 2022

পোস্ট ডেস্ক :


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের প্রথম তিন ব্যাটারই রান পেয়েছেন। শিখর ধাওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার―প্রত্যেকেই পঞ্চাশোর্ধ রান করেছেন। ধাওয়ান অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ইংল্যান্ড সিরিজে ভারতের প্রথম সারির ব্যাটারদের রান দেখা যায়নি।

তাই নিয়েই রোহিত শর্মা, বিরাট কোহলিকে নাম না করে খোঁচা দিলেন পার্থিব প্যাটেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলি, রোহিতরা খেলছেন না। তাদের জায়গায় এসে ধাওয়ান-শুভমন সুযোগ কাজে লাগিয়েছেন। ভারতের ব্যাটারদের প্রশংসা করে পার্থিব বলেন, ‘অধিনায়কোচিত ইনিংস খেলেছে ধাওয়ান। শুভমন তাকে ভালোই সাহায্য করেছে। রুতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশানের বদলে তাকে নেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে শুভমন। ধাওয়ান সাধারণত রোহিতের সঙ্গে বেশি খেলে অভ্যস্ত। রোহিত প্রথমে ধরে খেললেও ধাওয়ান আক্রমণ করে। এখানে রোহিতের ভূমিকা নিয়েছিল শুভমন। ‘

ইংল্যান্ড সফরে ভারতকে বারবার ভুগিয়েছে টপ অর্ডারের সমস্যা। শুরুতেই ব্যাটিংয়ে যে ধস নামছিল, তা কাটিয়ে উঠতে পারছিল না বিশ্বের অন্যতম ব্যাটিং শক্তিধর ভারত। চলতি সিরিজে সেই সমস্যার সমাধান হয়েছে। পার্থিব আরো বলেছেন, ‘শ্রেয়সও ছন্দে ফিরেছে। আইপিএল এবং ইংল্যান্ড সফরে তার থেকে যা প্রত্যাশা করা হয়েছিল সেটা পূরণ করতে পারেনি। এখানে প্রথম তিনজনই পঞ্চাশোর্ধ রান করেছে। এখন তো আর কেউ বলতে পারবে না আমাদের প্রথম তিন ব্যাটার রান করতে পারে না। ‘