অবসর নিয়ে সুর পাল্টালেন সেরেনা
পোস্ট ডেস্ক :

ইউএস ওপেনের পর অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড জিতে সুর পাল্টালেন মার্কিন টেনিস তারকা। জানালেন, অবসর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
রোববার শুরু হয়েছে ইউএস ওপেন। প্রথম রাউন্ডে মন্টেনেগ্রিয়ান টেনিস প্লেয়ার ডানকা কোভিনিচকে স্রেইেট সেটে হারান সেরেনা। মার্কিন টেনিস কিংবদন্তির পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৩ গেম।
ম্যাচ জিতে অবসর প্রসঙ্গে কথা বলেন সেরেনা উইলিয়ামস, ‘এটা খুবই কঠিন (অবসর নেয়া)। কারণ আমি এখনো খেলতে ভালোবাসি। যত বেশি টুর্নামেন্ট খেলি, ততই এটা মনে হয়। কিন্তু এখনই সময়, অন্য কিছুর সঙ্গে মানিয়ে নেয়ার।’
ইউএস ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট কি না, এ নিয়ে সংবাদকর্মীরা জানতে চেয়েছিলেন সেরেনার কাছে। উত্তরে ২৩ গ্র্যান্ড স্লামের মালকিন বলেন, ‘আমি এটা নিয়ে এখনো ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি। এভাবেই থাকতে চাই।
কারণ সামনে কী হবে জানি না।’
চলতি মাসের শুরুতে ফ্যাশন ম্যাগাজিন ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে সেরেনা বলেছিলেন, এবারের ইউএস ওপেন খেলার পরই টেনিস থেকে দূরে সরে যাবেন তিনি। ব্যবসা ও পারিবারিক কাজে ব্যস্ত হওয়ার কথা জানান সেরেনা। তিনি বলেছিলেন, ‘অবসর শব্দটি কখনোই পছন্দ করিনি। আমি যা করতে যাচ্ছি, সেটি বর্ণনা করার সেরা শব্দ সম্ভবত বিবর্তন। আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি, এমন কিছুর দিকে যাচ্ছি যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।’ তবে সেরেনার নতুন মন্তব্যে ধোঁয়াশার সৃষ্টি হলো।
১৯৯৯ সালে ১৭ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন সেরেনা। ২৩তম গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০১৭ সালে। ইউএস ওপেন দিয়ে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি সেরেনার সামনে। আগামীকাল ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে এস্তোনিয়ান টেনিস তারকা অ্যানেট কোন্তাভিয়েতের মুখোমুখি হবেন তিনি।




