সৈয়দ আফসার উদ্দিন এমবিই এবার ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত

Published: 26 October 2022

স্টাফ রিপোর্টার

চ্যানেল এস’র সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ব্রিটেনের সর্বজন পরিচিত এবং কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আফসার উদ্দিন এমবিই এবার ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হয়েছেন।

 

২৪ অক্টোবর, সোমবার লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল এর লর্ড চেম্বারলিন চেম্বারে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এই পুরষ্কার সৈয়দ আফসার উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।

ডেপুটি ক্লার্ক টু দ্যা চেম্বারলেইন কোর্ট – টিফেইন লি বিয়ান পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে সৈয়দ আফসার উদ্দিনের হাতে ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তুলে দেন।

‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ পুরস্কার লন্ডনে যাঁরা নিজ নিজ কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সফলতার সাথে অবদান রেখে চলেছেন তাদেরকেই দেওয়া হয়।

 

সৈয়দ আফসার উদ্দিন, চ্যানেল এস’র সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত রয়েছেন। ইতোপূর্বে তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও এবং ভয়েস অব আমেরিকা রেডিওর ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন। তিনি ব্রিটিশ বাংলাদেশী ইলেকট্রনিক মিডিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি লন্ডনে শিক্ষকতাও করেছেন প্রায় ত্রিশ বছর।

সৈয়দ আফসার উদ্দিন তিন দশক ধরে কমিউনিটিতে ভলান্টারী কাজ এবং চ্যারিটি কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস্ এ – শিক্ষা এবং কমিউনিটিতে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ২০২০ সালে তাঁর জন্মদিনে সৈয়দ আফসার উদ্দিনকে “এমবিই” (মেম্বার অব দ্যা মোস্ট এক্সসিলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) উপাধিতে ভূষিত করেন।

সৈয়দ আফসার উদ্দিন ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়।