লন্ডন ফিরলেন স্টার্লিং

Published: 5 December 2022

পোস্ট ডেস্ক :


কাতারে বসে দুঃসংবাদ পেলেন রাহিম স্টার্লিং। তার বাড়িতে ডাকাতি হয়েছে। যে কারণে বিশ্বকাপের মাঝপথেই লন্ডন ফিরলেন ইংলিশ তারকা। খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।

ইএসপিএন জানিয়েছে, শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় ডাকাতি হয়েছে। তার বান্ধবী পাইগ মিলিয়ান, দুই সন্তান এবং ঘনিষ্ঠ বন্ধুরা সবাই কাতারেই ছিলেন। লন্ডনে ছিলেন স্টার্লিংয়ের মা। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানায়নি ইএসপিএন। আল জাজিজার প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরে স্টার্লিংয়ের পরিবারের সদস্যসরা ছিলেন।

ইংল্যান্ডর কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘পারিবারিক কারণে তাকে ইংল্যান্ড যেতে হচ্ছে। এই মুহূর্তে সেখানে থাকা এবং পরিবারের সমস্যার সমাধান দরকার।

তার চলে যাওয়ার ঘটনা পরবর্তীতে দল নির্বাচনে প্রভাব ফেলবে না। তার ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারি না আমরা।’
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেন, ‘তার এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। এটা ব্যক্তিগত বিষয়। তবে একজন সতীর্থ এবং বন্ধুকে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে দেখাটা সহজ ব্যাপার নয়। আশা করি কোচের সঙ্গে কথা বলে নিজের এবং পরিবারের জন্য সেরা সিদ্ধান্তটিই নেবেন স্টার্লিং।’

কোচ এবং অধিনায়কের কথায় রাহিম স্টার্লিং বিশ্বকাপের বাকি সময়ে না পাওয়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। রোববার রাতে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। তার আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, সেনেগালের বিপক্ষে খেলতে পারবেন না স্টার্লিং। বিবৃতিতে বলা হয়েছিল, ‘সেনেগালের বিপক্ষে থ্রিলায়নদের স্কোয়াডে নেই রাহিম স্টার্লিং। পারিবারিক কাজে লন্ডন ফিরতে হচ্ছে তার।’

বিশ্বকাপের গ্রুপপর্বে ইরান এবং ওয়েলসের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ইরানকে ৬-২ গোলে হারানোর ম্যাচে একটি গোল এবং অ্যাসিস্ট করেন স্টার্লিং।

আগামী ১০ই ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। কাতারের আল বাইত স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচটি।