সিলেট-গুয়াহাটিতে বিমান চায় বাংলাদেশ
সিলেট অফিস :

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতের সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোমেন গত ১-৩ ডিসেম্বর আসামে শিলচর-সিলেট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ভারত সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও জোরদার করার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর বোঝাপড়া ও সহযোগিতার জন্য অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দেন।
তারা বলেন, দুদেশের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে সংযোগ, ঐতিহ্য, ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ককে আরও জোরদার করা যায়।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী গুয়াহাটি-ঢাকা বিমান সার্ভিস পুনরায় চালু করার ওপর জোর দেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং সামষ্টিক সমৃদ্ধি নিশ্চিত করতে সিলেট-গুয়াহাটির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ভারতের জি-২০ সভাপতির মেয়াদে ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে জি-২০ বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, এটি আঞ্চলিক যোগাযোগ স্থাপনে আমাদের ভাবমূর্তি বজায় রাখবে। তিনি কভিড-১৯, ইউরোপের সংকট, জলবায়ু এবং এসডিজি বাস্তবায়ন অর্থায়নের সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।




