মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মকন মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

Published: 17 April 2023

সিলেট অফিস :

সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) মাজার ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মকন মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ….রাজিউন)।

তিনি রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, শেখ মকন মিয়া দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। রোববার বিকেলে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেন।

এদিকে মরহুমের জানাযার নামাজ রাত এগারোটায় স্থানীয় মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পঞ্চায়েতি কবরস্থানে মকন মিয়ার দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য- শেখ মকন মিয়া দীর্ঘদিন দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

মেয়র আরিফের শোক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ-এর সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট জেলা শাখার উপদেষ্টা শেখ মো. মকন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা বিএনপির শোক : সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি শেখ মখন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শেখ মখন মিয়ার ভ‚মিকা সিলেটবাসী আজীবন স্মরণ করবে। তিনি আজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

সিলেট চেম্বারের শোক : দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ মকন মিয়া’র মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ সভাপতি মোঃ আতিক হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা প্রার্থনা করেন মহান আল্লাহ্ তায়ালা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।