পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো

Published: 8 February 2025

পোস্ট ডেস্ক :


বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যখন টানাপোড়েন চলছে ঠিক তখনই পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে লাগানো পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো দেখা গেলো। আর তা নিয়েই চারিদিকে শোরগোল পড়ে গেছে। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরে রাজ্য সরকারি হাসপাতালে টাঙানো পোস্টারে দেখা গেছে বাংলাদেশ সরকারের লোগো। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হয় সেই পোস্টার।
শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবে দেখা যায় একটি পোস্টার। তাতে কম ওজনের সদ্যোজাতদের কী করে যত্ন করতে হবে তার নির্দেশিকা রয়েছে। সেই পোস্টারের ওপরে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। সাংবাদিকদের প্রশ্নের মুখে হাসপাতালের সুপার বলেন, ওই পোস্টার হাসপাতালের তরফে টাঙানো হয়নি। বহিরাগত কেউ চক্রান্ত করে পোস্টার টাঙিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে। কে বা কারা পোস্টার টাঙালো তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
তবে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল। হাসপাতালের কোনও চিকিৎসক ক্যাঙারু মাদার কেয়ার সংক্রান্ত পোস্টারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ঝুলিয়ে দেন রোগীদের সুবিধার্থে। কিন্তু সেই পোস্টারের ওপরে যে বাংলাদেশ সরকারের লোগো রয়েছে তা খেয়াল করেননি তিনি।