শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

Published: 11 July 2025

পোস্ট ডেস্ক :


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক ও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকাল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৩ (বোয়িং ৭৩৭-৮০০, গন্তব্য কাঠমান্ডু) বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

পরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক ও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।