এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়ে থেকে ছিটকে বাইরে, তিনটি চাকা ফেটে যায়

Published: 21 July 2025

পোস্ট ডেস্ক :


আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানের ক্ষেত্রে নানা অঘটনের নজির তৈরি হচ্ছে। সোমবার মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর ফলে বিমানের তিনটি চাকাই ফেটে যায়। বিমানের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণেই নাকি এই দুর্ঘটনা। তবে বড় বিপর্যয়ের সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। বিমানটি কোচি থেকে আসছিল।
সকাল ৯:২৭ মিনিটে বিমানটি অবতরণ করে । সঙ্গে সঙ্গে জরুরি বিপর্যয় মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এদিকে,সোমবার রাজ্যসভায় বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মুরলিধর মোহন জানিয়েছেন, গত ছয় মাসে পাঁচটি চিহ্নিত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এয়ার ইন্ডিয়াকে মোট নয়টি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।