ভারত ছাড়ল মিমখ্যাত অত্যাধুনিক ব্রিটিশ যুদ্ধবিমান

Published: 22 July 2025

পোস্ট ডেস্ক :


ভারতের কেরালা রাজ্যের একটি বিমানবন্দরে পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে পড়ে থাকা অত্যাধুনিক ব্রিটিশ যুদ্ধবিমানটি অবশেষে মেরামতের পর উড়াল দিয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, এফ-৩৫বি সংস্করণের ওই যুদ্ধবিমান অস্ট্রেলিয়ার ডারউইনের পথে রওনা হয়েছে এবং এখন আকাশে রয়েছে।

বিমানটি গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেছিল। ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় খারাপ আবহাওয়ার কারণে সেটিকে সেখানেই নামিয়ে আনা হয়।

তার পরই এতে কারিগরি ত্রুটি দেখা দেয়।
ভারতের মাটিতে এত দিন ধরে একটি আধুনিক যুদ্ধবিমান আটকে থাকায় অনেকের কৌতূহল জেগেছিল এবং বিষয়টি নিয়ে প্রশ্নও উঠেছিল। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ ও মিমও ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানায়, ‘৬ জুলাই থেকে মোতায়েন থাকা যুক্তরাজ্যের প্রকোশলী দল বিমানটি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষ করেছে।

এর ফলে বিমানটি আবার সক্রিয় পরিষেবায় ফিরেছে।’

এফ-৩৫বি যুদ্ধবিমানটি এইচএমএস প্রিন্স অব ওয়েলস রণতরির বহরের অংশ। এটি কেন ডারউইনের দিকে যাচ্ছিল, সে বিষয়ে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, ব্রিটিশ নৌবাহিনীর ওই রণতরি এখনো ওই অঞ্চলেই রয়েছে। কয়েক দিন ধরে এইচএমএস প্রিন্স অব ওয়েলস অস্ট্রেলিয়ার উপকূলে যৌথ মহড়ার ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছিল।

প্রথমে রণতরির প্রকৌশলীরা বিমানটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ১৪ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে তিরুবনন্তপুরমে, যারা বিমানটির কারিগরি ত্রুটি মূল্যায়ন ও মেরামতের কাজ করবেন।

যদি মেরামত সম্ভব না হতো, তাহলে বিমানটিকে সি-১৭ গ্লোবমাস্টার ধরনের বড় পরিবহন বিমানে খণ্ড খণ্ড করে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত এফ-৩৫বি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এ ছাড়া এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণের ক্ষমতা রাখে।

প্রায় ১১ কোটি ডলার মূল্যের বিমানটি ব্রিটিশ সংসদেও আলোচনার বিষয় হয়েছিল।

ভারতে কেরালার মৌসুমি বৃষ্টিতে ভেজা রানওয়েতে দাঁড়িয়ে থাকা এই ‘একাকী এফ-৩৫বি’-এর ছবি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ঘিরে রসিকতা ও মিমের ছড়াছড়ি পড়ে যায়। একটি মজার পোস্টে দাবি করা হয়, বিমানটি মাত্র চার মিলিয়ন ডলার দামে অনলাইন বিক্রির জন্য তোলা হয়েছে, যাতে ‘স্বয়ংক্রিয় পার্কিং, নতুন চাকা, নতুন ব্যাটারি ও ট্রাফিক লঙ্ঘনকারীদের ধ্বংস করার জন্য স্বয়ংক্রিয় বন্দুক’ রয়েছে।

আরেকজন লিখেছিলেন, এত দিন ভারতে থাকার পর বিমানটির ভারতীয় নাগরিকত্ব পাওয়া উচিত। কেউ আবার বলেছিলেন, ভারতের উচিত, বিমানটিকে রাখার ভাড়া চাওয়া, আর সেই ভাড়ার সবচেয়ে উপযুক্ত মূল্য হতে পারে কোহিনূর হীরা!

এমনকি কেরালা সরকারের পর্যটন বিভাগও এই আলোচনায় মজা করে যোগ দেয়। এক পোস্টে তারা লেখে, ‘কেরালা—একবার এলে যেতে ইচ্ছা করে না!’ সেইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক ছবিতে দেখা যায়, নারিকেল গাছের পটভূমিতে রানওয়েতে দাঁড়িয়ে আছে এফ-৩৫বি।

বিমানটি মঙ্গলবার যখন অবশেষে উড়াল দেয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করে জানায়, ‘বিদায়’ এবং কেউ কেউ লিখেছেন, ‘ঈশ্বরের নিজের দেশ (কেরালা) এক মাসের ছুটি কাটিয়ে শেষে চলে গেলো!’