সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চান হাইকোর্ট

Published: 14 August 2025

পোস্ট ডেস্ক :


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আগামী দুই মাসের মধ্যে এ তালিকা আদালতে হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে সব পাথর যে সব স্থানে আছে তা সাত দিনের মধ্যে সেখান থেকে এনে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া কী পরিমাণ ক্ষতি হলো সেটা নির্ধারণে একটি কমিটি করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে বুয়েটের একজন অধ্যাপক থাকবেন। পাশাপাশি সাদা পাথর এলাকা পর্যবেক্ষণে জন্য সব আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন রেখেছেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরে মনজিল মোরসেদ জানান, অন্তর্বর্তী আদেশের পাশাপাশি পাথর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, সংরক্ষণ ও ক্ষতিপূরণের কেন নির্দেশ দেয়া হবে না, আইনি ব্যবস্থা কেন নেয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। ‘বিরামহীনভাবে চলছে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুট’- গত ১১ আগস্ট প্রকাশিত এই শিরোনামে প্রকাশি এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রের পাথর লুট।