সিলেট থেকে লুট হওয়া সাদাপাথর ঢাকায় উদ্ধার
পোস্ট ডেস্ক :

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।
অবৈধ উত্তোলনের পর এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়।
তিনি বলেন, ‘আমরা সংবাদ পাই সেই পাথর এখানেও আছে। তারই ভিত্তিতে ডেমরা সুকুরশী এলাকায় প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড সাদা পাথর উদ্ধার করা হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে আজ সকালে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোর্শেদ জানান, পাথরগুলো যারা কিনে এনেছে তাদের কাউকেই পাওয়া যায়নি। পাথরগুলো ভোলাগঞ্জে ফেরত পাঠানোর কাজ চলছে। সেখানে পরিবেশ অধিদপ্তর কাজ করছে।




