এবার আলোচনায় জাবেদ পাটোয়ারী
পোস্ট ডেস্ক :

‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখক হিসেবে নাম রয়েছে শেখ মুজিবুর রহমানের। এই বইটি সম্পাদনা করেছিলেন শামসুজ্জামান খান। এটি প্রকাশিত হয় ২০১২ সালের ১৯ জুন। প্রকাশের পর বইটি নিয়ে আলোচনার অন্ত ছিল না।
তবে এত দিন পর জানা গেল, বইটি আসলে সংকলন করেছেন সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। বইটি সংকলনে ১২৩ ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল। তাঁদের প্রত্যেককে এক কোটি করে টাকা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে একটি করে ফ্ল্যাট দেওয়া হয়েছিল। আর জাবেদ পাটোয়ারীকে অতিরিক্ত আইজিপি থেকে পদোন্নতি দিয়ে আইজিপি করা হয়েছিল।
আইজিপি থাকাকালীন ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। চাঞ্চল্যকর এই তথ্য গতকাল গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারে গণমাধ্যম।
বইটির প্রকাশকালে এটির ভূমিকায় ক্ষমতা হারিয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি, যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প।
প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে। সূত্র জানায়, স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কর্মরত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য ও আনুগত্য নিশ্চিত করতে বইটি সংকলন করেছিলেন জাবেদ পাটোয়ারী এবং তাঁর সহযোগীরা। তারই পুরস্কার হিসেবে ২০১৮ সালে জাবেদ পাটোয়ারী নিয়োগ পান আইজিপি হিসেবে। বইটি সংকলনের পর জাবেদ পাটোয়ারী শুধু আইজিপিই হননি তাঁকে রাষ্ট্রদূতও বানানো হয়েছিল। সর্বশেষ তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তাঁকে বরখাস্ত করা হয়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সাবেক আইজিপি নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, এমন প্রশ্ন যেহেতু উঠেছে তাই বিষয়টির অনুসন্ধান হওয়া দরকার। যদি অ্যালিগেশন উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত, যেহেতু ফান্ড থেকে টাকা-পয়সা দেওয়া হয়েছে। জানা গেছে, এসবিতে এসংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাঁর জবানবন্দিতে সম্প্রতি দাবি করেন, ২০১৮ সালের রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারীর পরামর্শেই।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফারসি, হিন্দিসহ ১৬টি ভাষায় অনুবাদ করা হয়েছে। প্রচ্ছদশিল্পী সমর মজুমদার। প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।




