‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

Published: 22 August 2025

পোস্ট ডেস্ক :


জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে মতামত জানানোর শেষ দিন ছিল আজ শুক্রবার। এরপরও কমিশনে মতামত দেয়নি বেশ কয়েকটি দল।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল।

এগুলো হলো নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।
যেসব দল মতামত জমা দিয়েছে সেগুলো হচ্ছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সে ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়।

একই দিন বিএনপির পাশাপাশি আরো পাঁচটি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দেয়।
এরপর গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীও ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের মতামত পেশ করেছে।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায়।

সেই সঙ্গে দলগুলোকে ২০ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল।