ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক
পোস্ট ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের ‘একপাক্ষিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন’ বলে অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিশিয়াল পেজ একের পর এক ‘রিমুভ’ ও ‘সাসপেন্ড’ করা হচ্ছে। শুধু তা-ই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে ‘রেস্ট্রিকশনের’ কবলে পড়ছে।
এমন পরিস্থিতিতে তিনি গত সোমবার ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বুধবার দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, ‘কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি এবং অফিশিয়াল পেজ বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।
’
তিনি আরো বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা।’
বিজ্ঞপ্তিতে বলা জয়েছে, তিনি আইন মেনে থানায় জিডি করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহারের মাধ্যমে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত।




