এখন জোর যার মুল্লুক তার : প্রিন্স

Published: 29 August 2025

পোস্ট ডেস্ক :


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই। গণতন্ত্রহীনতা ও কর্তৃত্ববাদী থেকে দেশকে মুক্ত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জোরদার লড়াই করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এখন দেখছি জোর যার মুল্লুক তার। সম্প্রতিকালে নানা অজুহাত তৈরি করে মবের নামে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সিপিবির খুলনা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে লুটেরা গোষ্ঠীর দাপট চলছে।

এ জন্য ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জন্য প্রয়োজন ব্যবস্থা বদলের। ক্ষমতায় গিয়ে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা বদল করে সিপিবি ও বামপন্থীরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ গড়ে মানুষের মর্যাদা নিশ্চিত করবে।’
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার সব আসনে প্রস্তুতি গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভার শুরুতে শিক্ষক প্রদীপ সাহা, প্রকৌশলী সুখেন রায়, সহিদুল ইসলাম, শ্যামল রায়, শাহিনা আক্তারকে কাউন্সিল পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়।
সিপিবির খুলনা জেলা সভাপতি ডাক্তার মনোজ দাস সভা সভাপতিত্ব করেন। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সুতপা বেদজ্ঞ। জেলা কমিটির রিপোর্ট উত্থাপন করেন পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ। এরপর গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে ২১ জন কেন্দ্রীয় কংগ্রেস প্রতিনিধি ও ৩৩ সদস্যের জেলা কমিটি নির্বাচন করা হয়।